Skip to content

শ্রীপুরে দরজা ভেঙে ডাকাতি ও স্বর্ণালংকার লুট।

ডেস্ক নিউজ:
গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি বাড়ির ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের খন্দকার আলমগীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লুটপাট চালিয়ে তিন লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।

দরজা ভেঙে ঢোকার অলামত। ছবি: সংগৃহিত।

খন্দকার আলমগীর হোসেন শ্রীপুরের মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের মো. কেরামত আলীর ছেলে। ঘটনার বর্ণনা দিয়ে বাড়ির মালিক খন্দকার আলমগীর হোসেন বলেন, তিনি, তাঁর স্ত্রী রিমি ও দুই মেয়ে ঘরে ঘুমাচ্ছিলেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। জেগে দেখেন, ঘরের ভেতর অপরিচিত ১০ থেকে ১২ জন লোক। মুহূর্তের মধ্যেই দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাঁদের সবাইকে জিম্মি করে দুর্বৃত্তরা। কমপক্ষে ২০ মিনিট সময় ধরে ঘরের ভেতর চালানো হয় লুটপাট। চিৎকার দিলে সবাইকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। লুটপাট শেষে তারা জিনিসপত্র নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খন্দকার আলমগীর আরও বলেন, ‘আমাদের ধারণা, লুটপাটের পর তারা দৌড়ে আশপাশে চলে গেছে। তারা আশপাশের কেউ হবে। রোববার কিছু কাঠগাছ বিক্রি করে তিন লাখ টাকা পাই। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ঘরে রাখা তিন লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে তারা।’

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন। পরে আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, দ্রুত সময়ের মধ্যে এই কাজে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫