স্টাফ রিপোর্টার:
শিল্প বহুল গাজীপুরে কর্মরত লাখ লাখ গার্মেন্টস শ্রমিক কর্মচারীদের ঈদের ছুটিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঈদযাত্রা সহজ ও নির্ভিঘ্ন করতে জয়দেবপুর জংশন থেকে পঞ্চগড় পর্যন্ত স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ট্রেনটির নাম দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল-১ ট্রেন।
বুধবার দুপুরে গাজীপুর শহরের জয়দেবপুর রেলওয়ে জংশন পরিদর্শন শেষে স্টেশনের বিশ্রামাগারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান।
তিনি জানান, ঈদ স্পেশাল এ ট্রেনটি ঈদুল ফিতরের পূর্বে ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল তিনদিন জয়দেবপুর স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। এছাড়া ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিল দুই দিন পুনরায় একই রুটে যাতায়াত করবে। তিনি জানান, স্পেশাল এ ট্রেনের সকল টিকেট অনলাইনে ক্রয় করতে হবে। এ জন্য যাত্রীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। একজন যাত্রী চারটির বেশি টিকেট ক্রয় করতে পারবে না। গত পহেলা এপ্রিল থেকে এ ট্রেনটির টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে সন্ধ্যা সোয়া ৭টায় যাত্রা শুরু করে বিরতিহীন ভাবে শান্তাহার রেলওয়ে জংশন পর্যন্ত যাবে। সেখান থেকে বিরামপুর, জয়পুরহাট, পার্বতীপুর, ফুলবাড়ি, কিসমত, ঠাকুরগাও স্টেশনে যাত্রা বিরতি দিয়ে পরদিন সকাল সাড়ে ৮টার দিকে পঞ্চগড় পৌঁছবে। ট্রেনটিতে শতকরা ২৫ ভাগ আসনবিহীন টিকেটও দেওয়া হবে।
বিভাগীয় ব্যবস্থাপক আরো জানান, চিলাহাটি ঈদ স্পেশাল নামে আরেকটি ট্রেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত ১১টা ৫৫ মিনিটে যাত্রা শুরু করে গন্তব্যে পৌছাবে পরদিন সকাল পৌনে ১০টায়। এ ট্রেনটি চিলাহাটি থেকে ছাড়বে দুপুর দেড়টায়। ঢাকা পৌছাবে রাত ১০টা ৫৫ মিনিটে। ঢাকার উপর থেকে চাপ কমানো এবং গাজীপুরে কর্মরত লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক কর্মচারীদের যাতায়াতের সুবিধার জন্যই ঈদ স্পেশাল ট্রেন দুটি চালু করা হবে। উত্তরবঙ্গগামী যাত্রীদের যাতায়াত আরো সহজ করার জন্য তিনি একই দিনে ঈদের ছুটি না দিয়ে ভিন্ন ভিন্ন দিনে ছুটি দিতে শিল্পমালিকদের প্রতি অনুরোধ জানান।
এসময় রেলওয়ের নিরাপত্তার বাহিনীর ঢাকা বিভাগীয় কমান্ডেন্ট মো: শহীদ উল্ল্যাহ, সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা কবির উদ্দিন মোল্লা, জয়দেবপুর রেল জংশন মাস্টার রেজাউল ইসলামসহ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গার্মেন্টস শ্রমিকদের ভোগান্তি কমাতে জয়দেবপুর থেকে পঞ্চগড় যাবে ঈদ স্পেশাল ট্রেন
আপডেট :April 5, 2023
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
