বাংলাভূমি ডেস্ক: লক্ষ্যটা বড়ই ছিল—৫০ ওভারে পাকিস্তানকে করতে হতো ৩৩৭ রান। ফখর জামানের দুর্দান্ত ব্যাটিংয়ে এ লক্ষ্যকেও খুব বড় মনে হয়নি। ১৭টি চার ও ৬টি ছয়ে ১৪৪ বলে ১৮০ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানকে ১০ বল হাতে রেখে ৭ উইকেটে জিতিয়েছেন ফখর।
শুধু এই অপরাজিত ১৮০ রানই নয়, ফখর সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে তাঁর আগের দুই ম্যাচেও। নিউজিল্যান্ডেরই বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ৫ উইকেটের জয়ে খেলেছেন ১১৪ বলে ১১৭ রানের ইনিংস। তার আগের ম্যাচে জানুয়ারিতে পাকিস্তান না জিতলেও এই নিউজিল্যান্ডের বিপক্ষেই ১২২ বলে করেছিলেন ১০১ রান। ওয়ানডেতে টানা তিনটি সেঞ্চুরি করার পরও ফখরের ব্যাটিংয়ে কিছুটা ‘খুঁত’ খুঁজে পেয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও বোর্ড সভাপতি রমিজ রাজা। কিছু জায়গায় ফখরের উন্নতি করার প্রয়োজন আছে বলে মনে করেন রমিজ। কোন সেই জায়গা, যেখানে ফখরকে উন্নতি করতে হবে? শোনা যাক রমিজ রাজার কণ্ঠেই, ‘ফখরকে শর্টপিচ বল নিয়ে কাজ করতে হবে। ব্যাটিং-সহায়ক উইকেটে শর্টপিচ বোলিংয়ে পাল্টা আক্রমণ করতে হবে তাকে। (আগের ম্যাচগুলোয় যেমন দেখা গেছে) সে পুল শট খেলার চেষ্টা করেছে, কিন্তু ঠিকভাবে পারেনি।’
