Skip to content

ঋণ বা কিস্তিতেও এখন কেনা যায় পছন্দের ফ্রিজ

বাংলাভূমি ডেস্ক:

অনেকেই ফ্রিজ কেনার জন্য টাকা জমান। তবে জমানো টাকা না থাকলেও প্রয়োজনীয় এই পণ্য কিনতে পাওয়া যায় ব্যাংকঋণ। আবার বিক্রয়কেন্দ্র বা পরিবেশকদের কাছ থেকে কিস্তিতেও কেনা যায়। ভোক্তারা যাতে সহজে এই পণ্য কিনতে পারেন, এ জন্য এই সুবিধা দিচ্ছে সব ফ্রিজ উৎপাদক, পরিবেশকেরা। আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসিক কিস্তি বা ইএমআই সুবিধায় পছন্দের ফ্রিজ ঘরে আনা যায়। বাজারে প্রচলিত প্রায় সব কটি নামী ব্র্যান্ডের ফ্রিজ কিস্তিতে অথবা ইএমআই সুবিধায় কেনা যায়।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত ঋণ বা বাড়ির সামগ্রী কেনার ঋণ দিয়ে থাকে। ঋণের পরিমাণ ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। এ ধরনের ঋণের মেয়াদ সাধারণত তিন বছর পর্যন্ত। ব্যাংকগুলো এখন এসব ঋণে সর্বোচ্চ ১১ দশমিক ১৩ শতাংশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ১২ দশমিক ১৩ শতাংশ সুদ নেবে। এখন সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক এ ধরনের ঋণ বেশি দিচ্ছে।

এ ছাড়া বর্তমানে ফেয়ার ইলেকট্রনিকস, ইলেকট্রা, র‌্যাংগ্স ইলেকট্রনিকস, ট্রান্সকম ও বাটারফ্লাই ইলেকট্রনিকস—এই পাঁচটি প্রতিষ্ঠানের পরিবেশকদের মাধ্যমে কিস্তিতে স্যামসাংয়ের ফ্রিজ কেনার সুবিধা আছে। ২০টির বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা নিয়ে স্যামসাংয়ের যেকোনো মডেলের ফ্রিজ কেনা যায়। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা মিলবে।

ভিশন ইলেকট্রনিকসের ফ্রিজ কেনা যায় ছয় মাস পর্যন্ত বিনা সুদের কিস্তিতে। যমুনা ইলেকট্রনিকসের ফ্ল্যাগশিপ স্টোর যমুনা প্লাজা থেকে যমুনার ফ্রিজ কিনলে কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ আছে।

প্যানাসনিক, ট্রান্সটেক, হিটাচি, ওয়ার্লপুল আর স্যামসাংয়ের মতো নামী ব্যান্ডের ফ্রিজ বিক্রি করে ট্রান্সকম ডিজিটাল। প্রায় ৩৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত বিনা সুদে ইএমআই সুবিধায় ট্রান্সকমের শোরুম অথবা ওয়েবসাইট থেকে এসব ফ্রিজ কেনা যায়। এ ছাড়া ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ফ্রিজ কিনলে ডিসকাউন্ট, অতিরিক্ত ইএমআই সুবিধা ও আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধাও রয়েছে।

মিনিস্টার ফ্রিজ কেনা যায় তিন মাস মেয়াদি কিস্তিতে। ৬ মাস, ১২ মাস বা ২৪ মাসের কিস্তিসুবিধা নিতে হলে প্রকৃত দামের ওপর কিছু সুদ প্রদান করতে হয়। কনকা ফ্রিজ কেনার ক্ষেত্রে প্রায় ৩৫টি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করা যাবে। নগদ ও মাসিক ৩ থেকে ১৮ মাসের কিস্তিতে কনকার পণ্য বিভিন্ন শোরুম, ডিসপ্লে সেন্টার ও পরিবেশকদের কাছ থেকে কেনা যায়। ওয়ালটন ফ্রিজ ৩,৬ ও ১২ মাস থেকে সর্বোচ্চ ২৪ মাসের কিস্তিতে কেনা যায়। বাটারফ্লাইয়ের সব শোরুমেও রয়েছে কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা। ক্রেডিট কার্ড না থাকলেও কিস্তিতে কিনতে পারবেন পছন্দের ফ্রিজটি।

কিস্তিতে ফ্রিজ কিনতে হলে শোরুম থেকে একটি ফরম দেওয়া হবে। ফরমটির প্রয়োজনীয় সব তথ্য পূরণ করে জমা দিতে হবে। সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, ন্যাশনাল আইডি কার্ড (ফটোকপিসহ), আপনার আত্মীয় নন—এমন দুজন ব্যক্তি, যাঁরা গ্যারান্টি অথবা নিশ্চয়তা প্রদানকারী হবেন এবং আপনার অবর্তমানে বকেয়া পাওনা পরিশোধ করতে ইচ্ছুক ব্যক্তিদের নাম-ঠিকানা প্রদান করতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫