Skip to content

চোর-পুলিশ হয়ে আসছেন শাহরুখ–রাম চরণ

দৈনিক বাংলাভূমি :

যশরাজ ফিল্মস এবার বড় আকারে আনতে চলেছে তাদের সুপারহিট ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিকুয়েল। গুঞ্জন যে শাহরুখ খান আর রাম চরণকে একসঙ্গে এনে এক বড় চমক দিতে চলেছে তারা।
২০২৩ সালজুড়ে শুধুই শাহরুখ খানের রমরমা। বছরের শুরুতেই যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ছবিটি মুক্তি পায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে কিং খান আর দীপিকা পাড়ুকোন জুটি বেঁধে এসেছিলেন। এই ছবি বক্স অফিসে দারুণ সফল। এরপর শাহরুখের ‘জওয়ান’ ছবিটি বক্স অফিসের দৌড়ে ‘পাঠান’-কেও টেক্কা দিয়েছে। এই ডিসেম্বরে মুক্তি পেয়েছে শাহরুখের ‘ডানকি’ ছবিটি। রাজকুমার হিরানী পরিচালিত এই ছবি দর্শক দারুণ পছন্দ করছেন। আর এই ছবিও বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। আর তাই ‘শাহরুখ’ এখন এমন এক ‘পরশপাথর’, যার ছোঁয়ার সুযোগটা নির্মাতারা হাতছাড়া করতে চান না।

জানা গেছে, যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া ‘ধুম ফোর’-এর জন্য কিং খানের সঙ্গে যোগাযোগ করেছেন। আর এই বলিউড সুপারস্টারকে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিকুয়েলের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন। শাহরুখকে ‘ধুম ফোর’-এ চোরের চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এর আগের সিকুয়েলগুলোতে চোরের চরিত্রে জন আব্রাহাম, হৃতিক রোশন আর আমির খানকে দেখা গিয়েছিল।

‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চোরের চরিত্রের পাশাপাশি পুলিশের চরিত্রটিও দারুণ জনপ্রিয়। এর আগে ‘ধুম’-এর সব কটা সিকুয়েলে পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল অভিষেক বচ্চনকে। কিন্তু এবার অন্য খবর শোনা যাচ্ছে। যশরাজ ফিল্মস পুলিশের চরিত্রের জন্য অভিষেকের পরিবর্তে দক্ষিণি সুপারস্টার রাম চরণের কথা ভাবছে। শুধু তা–ই নয়, রাম চরণকে নাকি ‘ধুম ফোর’-এর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনো তাঁর পক্ষ থেকে সবুজসংকেত দেওয়া হয়নি বলে জানা গেছে। এমনও শোনা গেছে, ‘ধুম ফোর’ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে সিদ্ধার্থ আনন্দের কাঁধে। এর আগে এক সাক্ষাৎকারে আদিত্য চোপড়ার ভাই তথা নির্মাতা উদয় চোপড়া বলেছিলেন যে ‘ধুম ফোর’-এ চোরের চরিত্রের জন্য শাহরুখ একদম উপযুক্ত।

‘ধুম’ যশরাজ ফিল্মসের সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম। ২০০৪ সালে এসেছিল এর প্রথম ছবি। এই ছবিতে ছিলেন জন আব্রাহাম, এশা দেওল, উদয় চোপড়া, রিমি সেনসহ আরও অনেকে।

২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘ধুম টু’। সঞ্জয় গাধবি পরিচালিত এই ছবিতে হৃতিক রোশন আর ঐশ্বরিয়া রাই বচ্চনের রোমান্স সবাই দারুণ পছন্দ করেছিলেন। বিজয় কৃষ্ণ আচারিয়া পরিচালিত ‘ধুম থ্রি’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এই ছবিতে জুটি বেঁধে এসেছিলেন আমির খান আর ক্যাটরিনা কাইফ। ‘ধুম’-এর সব সিকুয়েলে অভিষেক বচ্চন আর উদয় চোপড়া ছিলেন। তাই এই হিট ফ্র্যাঞ্চাইজি থেকে অভিষেক যদি সত্যিই সরে যান, তাহলে অনেক বড় অঘটন ঘটবে। তবে এ ব্যাপারে এখনো কিছু আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫