Skip to content

শ্রীপুরে চলন্ত ট্রেনে আগুন, পুড়ে গেছে জেনারেটর বগি

রোকুনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের জেনারেটর বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের প্রচেষ্টায় ২৩ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে জেনারেটর বগিটি সম্পূর্ণ পুড়ে যায়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা—ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। বেলা ১১টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মহুয়া এক্সপ্রেসের পরিচালক শাহাদাত হোসেন বলেন, ‘শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের জেনারেটর বগিতে আগুন লাগে। এরপর দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামার সুযোগ করে দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে জেনারেটর বগিটি সম্পূর্ণ পুড়ে যায়।’
ট্রেনের সহকারী লোকোমাস্টার আজিজুল রহমান বলেন, ‘ট্রেনটি সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে ছাদে থাকা যাত্রীরা আগুন লাগার বিষয়টি চিৎকার করে জানান। তখন আমি দ্রুত ট্রেন থামিয়ে দিই।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন বলেন, ‘চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ২৩ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল আগুন যেন অন্য বগিতে ছড়িয়ে না পড়ে। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের অতিরিক্ত তাপের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫