Skip to content

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ আবু আবিদ

নিজস্ব প্রতিবেদক :

সমাজকর্মী, তরুণ সাংবাদিক ও তারুণ্যের অনুপ্রেরণা মুহাম্মদ আবু আবিদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশাল মিডিয়া) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত ১৫ই এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মোঃ সাইফ উদ্দিন গিয়াস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মুহাম্মদ আবু আবিদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। এই নিয়োগের শর্তাবলী নিয়োগপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।

“দূর্বার তারুণ্য ফাউন্ডেশন”-এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই তার সামাজিক কর্মকাণ্ডের জন্য জনপ্রিয়তা লাভ করেছেন। সমাজের অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে তিনি সাংবাদিকতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দীর্ঘ আট বছর ধরে জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত একটি মিডিয়াভুক্ত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন চীফ, টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)-এর মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রামে জন্ম নেওয়া মুহাম্মদ আবু আবিদের পৈত্রিক নিবাস পটুয়াখালীতে। তার ব্যতিক্রমী সামাজিক কাজের ধারণা ও বাস্তবায়নের জন্য তিনি ইতোমধ্যেই অনলাইন জগতে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে মুহাম্মদ আবু আবিদের এই নিয়োগ, তার সংগ্রামী জীবন, মানবিক দৃষ্টিভঙ্গি, অনলাইন জ্ঞান এবং গণমাধ্যম সমন্বয়ের দক্ষতার এক যুগান্তকারী প্রতিফলন ঘটাবে বলে সকলের প্রত্যাশা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫