Skip to content

বিএনপি নেতাদের হয়রানির জন্য মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগে গাজীপুরে বিক্ষোভ

শাহান সাহাবুদ্দিন, গাজীপুর থেকে :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় বিএনপি নেতাদের নাম জড়িয়ে দেওয়ার অভিযোগে গাজীপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৭ মে) সকালে গাজীপুরের শ্রীপুর মডেল থানা ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় প্রায় তিন শতাধিক সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, গাজীপুর জেলা যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মোল্লা এবং বরমী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সওকত মীরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

তারা বলেন, “বিএনপি নেতাদের মামলায় অন্তর্ভুক্ত করা একটি সাজানো ষড়যন্ত্র। রাজনৈতিকভাবে হয়রানি করতেই মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের এইভাবে ফাঁসানো হচ্ছে।”

মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তারা বলেন, “যারা মামলাবাণিজ্যে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।”

হামলার ঘটনা

প্রসঙ্গত, গত ৪ মে (রোববার) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি সেদিন সালনা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন। যানজটে আটকে থাকা অবস্থায় ৪-৫টি মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গাড়িবহরে হামলা চালায়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং তিনি আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে ঢাকায় পাঠানো হয়।

মামলা ও বিতর্ক

এই ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় একটি মামলা দায়ের করে এনসিপি। মামলায় কয়েকজন স্থানীয় বিএনপি নেতার নাম অন্তর্ভুক্ত থাকায় শুরু হয় রাজনৈতিক বিতর্ক।

বিএনপি নেতারা দাবি করেন, “মামলায় যেসব বিএনপি নেতার নাম আছে, তারা কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ।”

মানববন্ধন থেকে বক্তারা বলেন, “বিরোধী রাজনীতিকে দমন করতেই এখন মিথ্যা মামলা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।”

তারা মামলার নিরপেক্ষ তদন্ত, নির্দোষদের অব্যাহতি এবং যারা মিথ্যা তথ্য দিয়ে মামলা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫