Skip to content

দুর্নীতির অভিযোগ: দুই উপদেষ্টার এপিএস-পিও ও তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা ও এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধানের আওতায় আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবী এবং জাতীয় নাগরিক পার্টি থেকে অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীর।

বৃহস্পতিবার (১৫ মে) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং প্রশাসনিক দুর্নীতি। প্রাথমিকভাবে এসব অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়েছে। প্রমাণ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দায়িত্বে থাকাকালে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার, বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ প্রভাব খাটানো এবং সরকারি নীতিমালা লঙ্ঘনের বিষয়গুলো রয়েছে।

অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর নথিপত্র চাওয়া হয়েছে এবং কয়েকজনকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার প্রস্তুতি নিচ্ছে দুদক।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তারা নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করছেন এবং কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী চাপের কাছে নত না হওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বেশ তৎপর হয়েছে দুদক। এরই ধারাবাহিকতায় এই তিনজনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করা হলো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫