Skip to content

রাজশাহী কলেজে বহিরাগত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ

এম এম মামুন,রাজশাহী ব্যুরো:

রাজশাহী কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ক্লাস চলাকালীন ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে বহিরাগত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুর ২টার দিকে রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীরা তাকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ওই যুবকের নাম কৃষ্ণ কুমার ঘোষ। তিনি নগরীর বাসিন্দা।
আটক যুবক ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করেছেন অন্য এক শিক্ষাপ্রতিষ্ঠানে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ক্লাস চলাকালে কৃষ্ণ কুমার একটি ক্লাসে ঢুকে পড়েন। তার পরনে সাধারণ পোশাক থাকলেও সঙ্গে ছিল না কোনো ব্যাগ, বই বা খাতা। ক্লাসে ঢুকে তিনি বেশ কয়েকজন ছাত্রীর কাছে নাম ও পরিচয় জানতে চান। ছাত্রীদের কেউ কেউ বিষয়টি সন্দেহজনক মনে করে ছেলেদের বিষয়টি জানান।
এরপর ক্লাসের ছাত্ররা তাকে তার রোল নম্বর জিজ্ঞেস করলে প্রথমে বলেন ৮৪, পরে বলেন ১৮৪। কিন্তু ওই সময় রোল নম্বর ১৮৪-এর প্রকৃত শিক্ষার্থী সাইফুদ্দিন ক্লাসে উপস্থিত ছিলেন। এতে করে সন্দেহ হয়।
শিক্ষার্থীরা জানান, ক্লাস শেষে ওই যুবক ছাত্রীদের উদ্দেশে আগ বাড়িয়ে কথা বলার চেষ্টা করেন। তবে ছাত্রীদের জিজ্ঞেস করা হলে তারা জানান, কেউ তাকে চেনেন না। এরপর বিভাগের বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি।
একপর্যায়ে তাকে শিক্ষকদের কাছে নেওয়া হলে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর বিভাগীয় কর্তৃপক্ষ বিষয়টি বোয়ালিয়া থানা পুলিশকে জানায়।
পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃষ্ণ কুমার স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরেই রাজশাহী কলেজে বিভিন্ন বিভাগের ক্লাসে যেতেন এবং ছাত্রীর সঙ্গে পরিচয়ের চেষ্টা করতেন।
বাংলা বিভাগের একজন শিক্ষার্থী জানান, তার বিরুদ্ধে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদেরও উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। এমনকি মনোবিজ্ঞান বিভাগের আমার এক বান্ধবীকেও সে একবার ক্যাম্পাসে বিরক্ত করেছিল।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, যাকে আটক করা হয়েছে, তিনি কলেজে ঘুরতে এসেছিলেন। ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫