নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্তসহ বেশ কটি সীমান্ত দিয়ে নারী শিশুসহ সর্বমোট ৪০ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তার মধ্যে বিজিবির অধীনে ৩২ ও সেনাবাহিনীর হাতে আটক হয়েছে ৮ জন। মঙ্গলবার গভীর রাতে জেলার দুর্গাপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করানো হয়।
জানা গেছে, পুশইন করানো সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলার নাগরিক। বিজিবি অধীনে থাকা ৩২ জনের মধ্যে নয়জন পুরুষ, ২২ জন নারী ও একজন শিশু রয়েছে।
সেনাবাহিনীর অধীনে আটকদের মধ্যে ৫ জন নারী ও তিনজন পুরুষ রয়েছে।
এর মধ্যে ৩২ জনকে বিজয়পুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে আটক করেছে বিজয়পুর বিওপির বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের মেঘালয়ের বাঘমারা সীমান্ত দিয়ে পুশ ইন শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজয়পুর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৩২ জনকে বিজিবি আটক করে। এদিকে পুশ ইনের পর পালিয়ে যাওয়ার সময় দুর্গাপুর বাজারের বিভিন্ন স্থান আরো ৮ জনকে আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
আটকরা জানায়, অনেকেই ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আটকের পর বিমানে করে আসামের রাজধানী গোহাটিতে নিয়ে আসা হয়। পরে গাড়িতে করে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করায় বিএসএফ। এরা বিভিন্ন দালালের মাধ্যমে বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন এলাকায় প্রবেশ করে।
নেত্রকোনা (৩১ বিজিবি) ব্যাটালিয়ানের সহকারী পরিচালক জানান, আটককৃতদের দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
