গাজীপুরে সংবাদপত্রের কালো দিবস পালিত
স্টাফ রিপোর্টার:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট চিকিৎসক ডা. মাজহারুল আলম বলেছেন, শুধু ১৬ জুনই নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলের সব দিনই ছিল কালো দিবস।
তিনি সোমবার বিকালে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষ্যে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি আরো বলেন, সাংবাদিকদের মধ্যে আদর্শিক বিবেদ থাকতে পারে কিন্তু দেশ প্রেমে বিবেদ নয়। দেশের স্বার্থে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলার সদস্য সচিব এডভোকেট জাকিরুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি নাসির আহমেদ, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, সাংবাদিক শামসুল হুদা লিটন, সহ—সভাপতি মোহাম্মদ রেজাউল বারী বাবুল, প্রিন্সিপাল হুমায়ুন কবির, গাজী খলিলুর রহমান, মাজহারুল ইসলাম কাঞ্চন প্রমুখ।
সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কলামিস্ট, শিক্ষক, সামাজিক—সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
