Skip to content

মৃতদেহ কবর থেকে উত্তোলনে স্ত্রীর বাঁধা বৈষম্য বিরোধী আন্দোলনের গুলির আঘাতে মৃত জিয়াউরের

 

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরলে স্ত্রীর বাঁধার কারণে নিহত জিয়াউর রহমানের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়নি।
ফলে ফিরে গেছেন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সোমবার সকালে নিহত জিয়াউর রহমানের গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউপি’র নাগরবাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর কবর থেকে মৃতদেহ উত্তোলন করার জন্য আসেন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন, বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার সাব—ইন্সপেক্টর (নিরস্ত্র) মহাসিন হাসান সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। এসময় নিহত জিয়াউর রহমানের স্ত্রী ও মামলার বাদী শাহানাজ আক্তার নিহত জিয়াউর রহমানের লাশ কবর থেকে উত্তোলনে আপত্তি জানান।

জানা গেছে, নিহত জিয়াউর রহমান (৪৩) বিরল উপজেলার নাগরবাড়ী গ্রামের মৃতঃ আব্দুল কাফি ও খালেদা দম্পত্তির পুত্র। কাজের কারণে সে পরিবার নিয়ে ঢাকার মিরপুরে হোল্ডিং নং—২—এ/১—৭, সেকশন—২, ব্লক—এ—তে বসবাস করতো।

গত ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের অমির কমল্পেক্সের উত্তর পাশে পাকা রাস্তার উপর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দূর্বৃত্তদের গুলির আঘাতে মারাত্মক আঘাত প্রাপ্ত হয় ভিকটিম জিয়াউর রহমান। তাকে চিকিৎসার জন্য উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই বছরের ৯ আগষ্ট সন্ধ্যা ৭ টায় জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জিয়াউর রহমানের লাশ তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করলে লাশের সুরতহাল ও ময়না তদন্ত ছাড়াই তার গ্রামের বাড়ী নাগবাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এঘটনায় মৃতঃ জিয়াউর রহমানের স্ত্রী মোছাঃ শাহানাজ আক্তারের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়। যার মামলা নং— ০৮, তাং ০৩—০১—২০২৪ ইং, ধারা—৩০২,৩৪ পেনাল কোড।

তদন্তকারী কর্মকর্তা ঢাকা ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার সাব—ইন্সপেক্টর (নিরস্ত্র) মহাসিন হাসান মামলাটির সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত এবং ভিকটিমের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ উত্তোলনের জন্য বিজ্ঞ আদালতের অনুমতি এবং আদেশ চেয়ে একটি আবেদন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫