Skip to content

গোপালগঞ্জে চুরির অভিযোগে কারারক্ষী গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়া ও কারারক্ষীদের পোশাক সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে আরিফ চৌধুরী (২৮) নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলায় আরিফ চৌধুরীকে একমাত্র আসামি করা হয়। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ ওসি মির সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আরিফের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, একটি শীতের জ্যাকেটসহ মোট ১০ ধরনের সরকারি কারা সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১৬ জুলাই ভোররাতে কারাগার থেকে এসব সরঞ্জাম চুরি করা হয়। ঘটনার পরপরই কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। পরে তারা সদর থানায় জানায়। পুলিশ শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা জানান, “আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কারারক্ষী আরিফ চৌধুরী সরঞ্জাম চুরির ঘটনা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজ রবিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫