আকিকুর রহমান রুমন, হবিগঞ্জ:
হবিগঞ্জ শহরতলীর পইল উত্তরপাড়া এলাকা থেকে আমল চান (৩৫) নামের দুই সন্তানের জননীর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পইল বাজারের সবজি ব্যবসায়ী শীতু মিয়ার স্ত্রী।
২৭ জুলাই বিকেলে নিহতের দুই ছেলে বাজার থেকে ফিরে এসে ঘরের দরজা চাপানো অবস্থায় পায়। দরজা খুলে তারা দেখে, খাটে তাদের মায়ের গলা কাটা মরদেহ পড়ে আছে।
ঘটনার আগে তাদের ছোট চাচা কদর আলীর সঙ্গে দেখা হয়েছিল বলে জানিয়েছে শিশুরা। কদর আলী তাদের জিজ্ঞেস করেছিলেন, তাদের মা কোথায় আছেন।
স্থানীয়রা জানান, কদর আলী একজন অনলাইন জুয়ায় আসক্ত এবং কিছুদিন আগে আমল চানকে টাকা চাওয়াকে কেন্দ্র করে হুমকি দিয়েছিলেন। এলাকাবাসীর ধারণা, তিনিই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।
সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহিন জানান, ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘাতক শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
