Skip to content

গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের আট দিন পরও গ্রেপ্তার হয়নি অভিযুক্তকারী

রোকুনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে তাকে অসুস্থ অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির পিতা জয়দেবপুর থানায় মামলা দায়েরের পর আট দিন পার হলেও পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। ভুক্তভোগী শিশুটির পিতা জানান, আমার ১১ বছর বয়সী প্রতিবন্ধী শিশুটি গত ২৮ জুলাই সন্ধ্যায় ছয়টার দিকে স্থানীয় একটি মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। দোকানের মালিক বাবুল মিয়া (৪২) সুযোগ বুঝে দোকানের ভিতর নিয়ে শাটার বন্ধ করে দেয়। পরে শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

ধর্ষণের পর শিশুটিকে হুমকি দিয়ে ছেড়ে দেয়। বাসায় ফিরে শিশুটি তার ভাবিকে ঘটনাটি জানায়। এরপর পরিবারের অন্যান্য সদস্যরাও বিষয়টি জানতে পারেন। পরে তারা স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে অবহিত করলে, তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু রাতেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুটির পিতা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
আসামি বাবুল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার আতু জঙ্গল গ্রামের জালালের পুত্র। সে সদর উপজেলার বানিয়ারচালা এলাকার ইউনুছ আলী বাড়িতে ভাড়া থেকে মুদি দোকানের ব্যবসা করতেন।
শিশুটির পিতা আরও জানান, মামলা হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয়নি। এতে তারা ন্যায়বিচার নিয়ে শঙ্কায় আছেন। তার দাবি, দ্রুত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো প্রতিবন্ধী শিশুর সঙ্গে এ ধরনের ঘটনা না ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনার পরেও অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেফতারে পুলিশের কার্যকর কোনো অগ্রগতি চোখে পড়ছে না, যা প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েই প্রশ্ন তুলেছে এলাকাবাসী।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে এবং আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সচেতন মহল জানিয়েছে, প্রতিবন্ধী শিশুর উপর এমন জঘন্য অপরাধের পরও দ্রুত গ্রেফতার ও আইনি পদক্ষেপ না নেওয়ায় অপরাধপ্রবণতা উৎসাহিত হতে পারে। তারা দ্রুত বিচার ও ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫