স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুর জেলা কমিটির উদ্যোগে তুরাগ নদী পরিদর্শন করা হয়েছে। এ সময় নদীর বিভিন্ন অংশে অবৈধ দখল, দূষণ, নদী ভাঙন, পিকনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব এবং শব্দ দূষণসহ একাধিক সমস্যা চিহ্নিত করা হয়।
শুক্রবার সকাল থেকে সংগঠনের সদস্যরা গাজীপুর সিটি কর্পোরেশনের কারখানা বাজার নৌঘাট থেকে শুরু করে, সাকাশ্বর, সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর, কালিয়াকৈরের রঘুনাথপুর, বড়ইবাড়ি বাজার, চাঁপাইর ও বাঁশতলি বাজার হয়ে তুরাগের উৎস পর্যন্ত ২৬ কিলোমিটার নদীপথে এ পরিদর্শন পরিচালনা করেন।
কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠাতা মো. মনির হোসেন এবং কেন্দ্রীয় কমিটির রিভার ক্যাম্পিং আহ্বায়ক খন্দকার জাবেদ ছারোয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান রাজীব, সহ-সভাপতি কৃষিবিদ দীন মুহাম্মদ দীনু ও মো. মিলন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নূরুল আলম ও সাদিকুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আশিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান, সাংস্কৃতিক সম্পাদক রাসেল শেখ, জীববৈচিত্র্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পাঠচক্র সম্পাদক ওয়ালিউল্লাহ সাকিব, নির্বাহী সদস্য ইয়াছিন গাজীসহ প্রায় অর্ধশতাধিক নদীপ্রেমিক।
পরিদর্শনে আরও অংশ নেন— পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার ঐক্যের আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুল আজিজ, দৈনিক বাংলাদেশ কণ্ঠের গাজীপুর প্রতিনিধি ও নদী পরিব্রাজক দলের সদস্য জাহিদ হাসান ভূঁইয়া, সাংবাদিক মনির হোসেন সরকার ও আজিজ মিয়া রুবেল।
এ সময় বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন বলেন—
“সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের নদীগুলোকে রক্ষা করতে হবে। নদী পরিব্রাজক দলের সদস্যরা তুরাগের বিভিন্ন স্থানে সমস্যা চিহ্নিত করে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। ভবিষ্যতে এ তথ্যের ভিত্তিতেই কর্মসূচি গ্রহণ করা হবে। রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা যদি এ প্রচেষ্টায় অংশ নেন, তবে বাঁচবে তুরাগ, বাঁচবে নদী।”
