Skip to content

কর্মবিরতি উপেক্ষা করে গাছতলায় ক্লাস নিলেন রাবি শিক্ষক 

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বহালের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বন্ধ রয়েছে সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম। তবে কর্মবিরতি উপেক্ষা করে গাছতলায় বসে ক্লাস নিয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. মোর্শেদুল ইসলাম পিটার।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনের গাছতলায় তিনি ক্লাস নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উপস্থিতিও নিশ্চিত করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ক্লাস—পরীক্ষা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোর্শেদুল ইসলাম পিটার বলেন, আমি চাই না শিক্ষার্থীদের ওপর কোনো অনৈতিক অধিকার চাপিয়ে দেওয়া হোক। প্রশাসনে যারা বসে আছেন তারা মিথ্যুক ও প্রতারক। যারা জুলাই বিপ্লবকে ধারণ করে এবং সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝে, তাদেরই প্রশাসনে থাকা উচিত।
তিনি আরও বলেন, আমি আজ ক্লাস রুমে ক্লাস নিতে চেয়েছিলাম, কিন্তু কোনো কর্মকর্তা—কর্মচারী আমাকে সহায়তা করেনি। আমি যে দায়িত্বের জন্য বেতন পাই, আমি সেই দায়িত্ব পালন করেছি। এখানে কে কী ভাবলো তা দেখার সময় আমার নাই।
কর্মকর্তা ও কর্মচারিদের দাবি, গতকাল যারা শিক্ষকের গায়ে হাত দিয়েছে তাদেরকে আজকের মধ্যেই বহিষ্কার করতে হবে। প্রাতিষ্ঠানিক সুবিধাও নিশ্চিত করতে হবে বলে জানান তারা। এদিকে অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের দেখা যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, গতকালকে ছাত্র নামধারী কিছু সংখ্যক সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্বারা বিশ্ববিদ্যালয়ের উপ—উপাচার্য শারিরিকভাবে লাঞ্ছিত হয়েছে। এমনি তাকে বাসাতেও ঢুকতে দেওয়া হয়নি। এদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের আইনে তাদেরকে শাস্তি দিতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫