মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে আবারও ভয়াবহ ভাঙন শুরু করেছে পদ্মা নদী। গত এক সপ্তাহ ধরে গাঁওদিয়া ইউনিয়নের হাড়িদিয়া পশ্চিমপাড়া শিমুলবাড়ি এলাকায় নদীর প্রবল স্রোতে বিস্তীর্ণ জমি নদীগর্ভে বিলীন হয়েছে। শতাধিক বসতঘর ও একটি মসজিদ ভাঙনের হুমকিতে রয়েছে। হঠাৎ এই ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে দুই শতাধিক পরিবার। অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাড়িদিয়া ও গাঁওদিয়া এলাকায় পদ্মার ভাঙন অব্যাহত থাকলেও এখনো এখানে স্থায়ী বাঁধ নির্মাণ হয়নি। বর্ষার সময় ভাঙন শুরু হলে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হলেও তা কয়েক মাসের মধ্যেই নদীর স্রোতে ধসে পড়ে। ফলে গত দুই বছরে শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে অন্যত্র চলে গেছে।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, হাড়িদিয়া পশ্চিমপাড়ার আল—মদিনা জামে মসজিদের অজুখানা ও ভেতরে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। তীব্র স্রোত ও ঘূর্ণিপাকে নদীর তলদেশ ধসে চারপাশে ভাঙন তীব্র হচ্ছে।স্থানীয়রা জরুরি জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন। গ্রামবাসীর দাবি, তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে।স্থানীয় ইসমাইল জানান, আমরা একশো খাম্বা দিয়ে বাঁধ দিয়েছিলাম, কিন্তু দুদিনের মধ্যেই নদীতে ভেসে গেছে। এখন মাত্র ২০টা খাম্বা টিকে আছে। আরেকজন বাসিন্দা নিজাম মাদবর বলেন, ২৫ বছর আগে ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নতুন করে এখানে বসতি গড়েছিলাম। এবার আবার সব ভেঙে যাওয়ার শঙ্কায় আছি। স্থানীয়রা আরও জানান, মসজিদ ভেঙে গেলে ধর্মীয় কার্যক্রম ব্যাহত হবে এবং মুসল্লিদের চরম ভোগান্তিতে পড়তে হবে। গত এক সপ্তাহে ভাঙনের তীব্রতায় এ এলাকায় ৪০—৫০ হাত গভীর গর্ত তৈরি হয়েছে। গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টিটু শিকদার বলেন, অতি দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে যাবে। স্থায়ী বাঁধ নির্মাণই একমাত্র সমাধান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নেছার উদ্দিন জানান,পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। সর্বনাশা পদ্মার ভাঙন প্রতিবারই আঘাত হানছে আড়াই লাখ মানুষের এই উপজেলার মানচিত্রে। স্থানীয়দের দাবি, আর দেরি না করে স্থায়ী সমাধানই পারে লৌহজংকে বাঁচাতে।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে হঠাৎ পদ্মার ভয়াবহ ভাঙন শুরু
আপডেট :September 23, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
