Skip to content

সাতক্ষীরায় জমির সীমানা নিয়ে সংঘর্ষে আহত তিন

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগরের মধ্যেপাড়ায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে কামরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে জমির সীমানা নির্ধারণ নিয়ে আবু জাফরের ছেলে জাকারিয়া, কিবরিয়া ও আসিব প্রতিপক্ষ আব্দুল করিমের ছেলে কামরুল ইসলাম, মনিরুল ইসলাম ও তাদের এক ভাইপোকে লোহার পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন।
আহত কামরুল ও মনিরুল জানান,জমি নিয়ে একাধিকবার স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে বৈঠক হলেও জাফর ও তার ছেলেরা সমাধানে রাজি হননি। এমনকি পৌরসভার আমিন দিয়ে মাপঝোক করার পরও বিষয়টি মেনে নিতে অস্বীকার করেন তারা। প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এলাকাবাসী জানান, কয়েক বছর আগেও আবু জাফরের পরিবার ছিল সাধারণ নিম্ন আয়ের। হঠাৎ করেই জাকারিয়া ও কিবরিয়া কোটি টাকার মালিক বনে গেছেন এবং পাঁচতলা ভবন নির্মাণ করেছেন। তাদের আয়ের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, জাকারিয়া ও কিবরিয়া নানা অবৈধ ব্যবসায় জড়িত থেকে অল্প সময়ে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। তারা এলাকার সাধারণ মানুষের সঙ্গে অহেতুক ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন এবং ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি দেখান।
তবে আবু জাফর দাবি করেন, তার দোকান ও ব্যবসার আয় দিয়েই সংসার চলে। স্থানীয়দের প্রশ্নের জবাবে তিনি অর্থের উৎস বিষয়ে কোনো মন্তব্য না করেই স্থান ত্যাগ করেন। আহত পক্ষের দাবি, যদি সমঝোতা না হয় তবে তারা আইনের আশ্রয় নেবেন।
এ বিষয়ে ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো.শফিকুর আলম বাবু বলেন,ঘটনার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের বিষয়টি মীমাংসার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫