মাহবুব খোকন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নে বিএনপির প্যানেল বড় ধরনের বিজয় অর্জন করেছে। শনিবার রাতে আয়োজিত দ্বি—বাষীর্ক কাউন্সিলে ইউনিয়নের ২৭টি পদের মধ্যে গাজী শাহ আলমের নেতৃত্বে বিএনপি সমর্থিত প্যানেল জয় পেয়েছে ১৯টিতে। এই ফলাফলে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কৈখালীর এই ফল কেবল একটি ইউনিয়নের নির্বাচন নয়, এটি শ্যামনগর ও আশপাশের অঞ্চলে বিএনপির পুনরুত্থানের ইঙ্গিত। দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের প্রভাব থাকলেও, সংগঠনের ঐক্য, মাঠপর্যায়ের তৃণমূল নেতৃত্বের পরিশ্রম এবং সাধারণ মানুষের পরিবর্তনের প্রত্যাশা বিএনপিকে এই জয়ের পথে নিয়ে এসেছে।
বিজয়ী প্যানেলের নেতা গাজী শাহ আলম বলেন, এই জয় জনগণের রায়, ন্যায়, উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে। যারা বছরের পর বছর নিরব থেকেছেন, এবার তারা ভোটের মাধ্যমে তাদের অবস্থান জানিয়ে দিয়েছেন। আমি জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই, রাজনীতিকে ফিরিয়ে আনতে চাই মানুষের কল্যাণের জায়গায়।
কৈখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বলেন, গাজী শাহ আলম ভাইয়ের নেতৃত্বে বিএনপির এই ঐতিহাসিক বিজয় কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি দীর্ঘদিনের পরিশ্রম, সংগঠনের প্রতি অঙ্গীকার, আর মানুষের আস্থার ফল। জনগণ বুঝে গেছে, কে তাদের পাশে থাকে আর কে শুধু নির্বাচনের সময় দেখা দেয়। এই জয় প্রমাণ করেছে, কৈখালী এখন ন্যায়ের, গণতন্ত্রের ও মানুষের রাজনীতির পক্ষে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন,আমরা চাই এই বিজয় হোক পরিবর্তনের সূচনা। বিএনপির নেতৃত্বে কৈখালী ইউনিয়নে আবারও স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের রাজনীতি ফিরে আসুক। আল্লাহর অশেষ কৃপায় এই জয় আমাদের সবার।
স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, এই বিজয় আসন্ন উপজেলা ও জাতীয় রাজনীতিতে দলের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে। কৈখালীর এই সাফল্য তৃণমূলের মনোবল বাড়িয়েছে এবং দলীয় নেতৃত্বে নতুন উদ্যম এনে দিয়েছে।
বিজয়ের পর কৈখালী ইউনিয়নে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতাকর্মীরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং প্রতিজ্ঞা করেন,এই বিজয়কে জনগণের কল্যাণে কাজে লাগাবেন।
গাজী শাহ আলম ও তার পরিবার বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় এই বিজয় সম্ভব হয়েছে। এই জয় আমাদের পরিবারের নয়, কৈখালীর প্রতিটি মানুষের। আমরা তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।
কৈখালী ইউনিয়নের এই বিজয়কে কেন্দ্র করে এখন শ্যামনগর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গাজী শাহ আলম ও তার নেতৃত্বাধীন বিএনপি প্যানেল যারা বলছেন, এই জয় কেবল শুরু, সামনে আরও বড় লড়াই ও অর্জনের অপেক্ষা।
