Skip to content

দেবিদ্বারে নিম্নমানের ইট- খোয়া ও মাটি মিশ্রিত বালু দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ 

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা দেবিদ্বার পৌরসভার একটি সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট—খোয়া ও মাটি মিশ্রিত বালু ব্যবহারের অভিযোগে কাজটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে শোকজ করে ভালো মানের নির্মাণসামগ্রী ব্যবহারের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
পৌরসভা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোভিড—১৯ প্রণোদনা প্রকল্পের আওতায় ২০২৪—২৫ অর্থবছরে দেবিদ্বার সরকারি হাসপাতাল থেকে চাপানগর পর্যন্ত প্রায় ১৩৬০ মিটার সড়ক পাকাকরণের জন্য দুটি ভাগে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। প্রথম ভাগে ৬৮০ মিটার সড়কের জন্য বরাদ্দ ধরা হয় ১ কোটি ৪ লাখ ৬৯ হাজার টাকা, এবং দ্বিতীয় ভাগে আরও ৬৮০ মিটারের জন্য বরাদ্দ হয় ১ কোটি ৭ লাখ ৮৩ হাজার টাকা।
দুটি প্রকল্পের মূল দায়িত্ব পায় মেসার্স লিবার্টি ট্রেডার্স স্বত্বাধিকারী এস এম মনিরুল হক তবে স্থানীয় বিএনপি নেতা মো. জসিম উদ্দিন ও সাইফুল ইসলাম, সুদন মিয়া, নাজমুল হাসান নাহিদসহ কয়েকজন ঠিকাদার সাব—কন্ট্রাক্টের মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন শুরু করেন। কাজ শুরুর পর থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর কাজটি বন্ধ রাখা হয়েছে এবং ঠিকাদারকে শোকজ করা হয়েছে।
এলাকাবাসীর ফেইসবুক লাইভ সম্প্রচার ও অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন সরেজমিন পরিদর্শন করে নিম্নমানের সামগ্রী অপসারণের নির্দেশ দেন।
তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম তদন্ত করে দেখা হচ্ছে। সাবলিজ দেওয়া হলে সেটিও আইনি দৃষ্টিকোণে খতিয়ে দেখা হবে। একজন প্রকৌশলী নতুন করে কাজটি পর্যবেক্ষণ করবেন।
ইউএনও রাকিবুল ইসলাম জানান, সড়কের মান নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে। নির্মাণসামগ্রীর মান নিশ্চিত করে যথাসময়ে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫