Skip to content

রাজশাহীতে নারী হত্যার রহস্য উদঘাটন গ্রেপ্তার ৩ 

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পবা উপজেলার বাগসারা এলাকায় এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধারের ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন—বাগসারা গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. তারা মিয়া (৩৩), মহানন্দাখালী এলাকার ইছুল মণ্ডলের ছেলে ফারুক হোসেন (৩০) এবং একই এলাকার এন্তাজ আলীর ছেলে হেলাল উদ্দিন (২৩)।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সোমবার (২০ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিহত নারীর নাম বিউটি বেগম। ধানখেত থেকে লাশ উদ্ধারের পর পবা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে হত্যার রহস্য উদঘাটন হয়।
তদন্ত কর্মকর্তা এসআই শারিফুর রায়হান তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে নগরীর সোনাদিঘী মোড় এলাকা থেকে তারা মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর ধারাবাহিক অভিযানে মহানন্দাখালী এলাকা থেকে ফারুক হোসেন ও পিল্লাপাড়া এলাকা থেকে হেলাল উদ্দিনকে আটক করা হয়।
সোমবার আসামিদের আদালতে হাজির করা হলে তারা মিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জানান, বিউটি বেগম টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন। ৫ হাজার টাকায় চুক্তি হলেও টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে মরদেহ ধানের জমিতে ফেলে রাখা হয়।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও জড়িত কেউ থাকলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

 

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫