Skip to content

ক্লাস বন্ধ রেখে নির্বাচনী প্রচারণা : বিতর্কে গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনি 

স্টাফ রিপোর্টার:
গাজীপুর—২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম মঞ্জুরুল করিম রনি গত বুধবার (২৬ নভেম্বর) কাজী আজিম উদ্দিন কলেজে ছাত্র—ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক আলোচনা—সমালোচনা, কারণ সামাজিক মাধ্যমে দাবি উঠেছে—রনির আগমনে কলেজে ক্লাস বন্ধ রেখে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, দুপুরের দিকে ক্যাম্পাসে রনির উপস্থিতিতে কিছু ক্লাস সাময়িক বন্ধ হয়ে যায় এবং শিক্ষার্থীদের তাঁর সামনে সমবেত হতে দেখা যায়। এ নিয়ে শিক্ষামহলের একটি অংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার স্থান, রাজনৈতিক প্রচারণা বা সমাবেশ সেখানে গ্রহণযোগ্য নয়।
তবে এ অভিযোগের বিষয়ে কলেজ প্রশাসন ভিন্ন অবস্থান জানিয়েছে। কাজী আজিম উদ্দিন কলেজের প্রিন্সিপাল মোঃ তৌহিদুল ইসলাম বলেন, দুপুরে বিরতির সময় বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী এম মঞ্জুরুল করিম রনি কলেজে এসেছিলেন। তিনি ছাত্র—ছাত্রীদের কাছ থেকে দোয়া নিয়ে গেছেন। কোনো ক্লাস বন্ধ করা হয়নি, এবং এটি কোনো প্রচারণা সভা ছিল না।

এদিকে রনির ঘনিষ্ঠ কয়েকজন নেতাও একই বক্তব্য দিয়ে দাবি করেছেন, এটি ছিল কেবল সৌজন্য সাক্ষাৎ, প্রচারণা নয়।
তবে শিক্ষার্থীদের একাংশ ও অভিভাবকরা বলছেন, বিরতির সময় হলেও ক্যাম্পাসে রাজনৈতিক উপস্থিতি অনাকাঙ্ক্ষিত এবং শিক্ষার পরিবেশে প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ঘটনার পর কলেজ প্রশাসনের অভ্যন্তরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫