স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীর ছুরিকাঘাতে ওই মাদ্রাসারই পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হয়েছে।
আহত ও অভিযুক্তরা সকলেই শ্রীপুরের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম—পরিচয় প্রকাশ করা হল না।
আহত শিক্ষার্থীরা জানান, শ্রীপুরের বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় চুড়ান্ত পর্বের পরীক্ষা চলছিল। গত বুধবার পরীক্ষার হলের বেঞ্চে বসা নিয়ে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর সাথে দশম শ্রেণীর শিক্ষার্থীর সাথে ঝগড়া হয়। পরে মাদ্রাসার শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন। এনিয়ে ক্ষোভে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় মাদ্রাসা চত্বরে ঢুকে নবম শ্রেণীর শিক্ষার্থী। এসময় বাকীরা মাদ্রাসায় পরীক্ষা শেষে বের হচ্ছিল, হঠাৎ নবম শ্রেণীর শিক্ষার্থী ছুরি নিয়ে তাদের উপর হামলা করে পাঁচজন আহত করে। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকীদুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসরিন জামান বলেন, পাঁচজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। যেহেতু এটা আমলযোগ্য অপরাধ, অভিযোগ না পেলেও তদন্ত কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা করছি।
এঘটনার পর এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
