Skip to content

মুন্সীগঞ্জে বোতল গ্যাস নিয়ে হাহাকার; প্রশাসন নিরব

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলাজুড়ে এলপিজি (সিলিন্ডার) গ্যাসের বাজারে চরম অরাজকতা ও কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে সাধারণ মানুষের পকেট কাটছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পরিচিত মুখ না হলে মিলছে না গ্যাস, আর মিললেও গুণতে হচ্ছে ১৯০০ থেকে ২০০০ টাকা। এই সংকট ও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো দৃশ্যমান ভূমিকা না থাকায় জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সরকারি দরের বালাই নেই, সিলিন্ডারে ‘গলাকাটা’ দাম সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির নিয়ম থাকলেও মুন্সীগঞ্জের কোনো উপজেলাতেই তা কার্যকর নেই। ১২ কেজির একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ২০০০ টাকায়। ব্যবসায়ীরা চাহিদার অজুহাত দিয়ে ইচ্ছামতো দাম হাঁকাচ্ছেন।
সাধারণ ক্রেতারা বলছেন, বাজারে গ্যাস আছে কিন্তু তা সাধারণ মানুষের নাগালে নেই। ‘গ্যাস নেই’ বলে লুকোচুরি, বেশি টাকায় মিলছে সব। বুধবার (৭ জানুয়ারি) সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দোকানে সিলিন্ডার সাজানো থাকলেও অপরিচিত কেউ গেলে ব্যবসায়ীরা সরাসরি বলছেন, গ্যাস নেই। কিন্তু পরিচিত লোক গেলে বা বাড়তি টাকা দিলে মুহূর্তেই দোকানের পেছন থেকে বের হয়ে আসছে সিলিন্ডার। ব্যবসায়ীদের এই ‘লুকোচুরি’ খেলায় সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। অনেক ডিলার ও খুচরা বিক্রেতা মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করছেন বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের নীরবতায় ক্ষোভ। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে গ্যাসের এই আকাশচুম্বী দাম সাধারণ মানুষের নাভিশ্বাস বাড়িয়ে দিয়েছে। অথচ এ বিষয়ে উপজেলা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো বাজার মনিটরিং বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় ক্ষুব্ধ জেলাবাসী।
ভুক্তভোগী এক গ্রাহক আক্ষেপ করে বলেন, সরকার রেট দেয় কাগজে—কলমে, আর আমরা কিনি দ্বিগুণ দামে। প্রশাসন যদি একবারও বাজারে আসত, তবে এই সাহস ব্যবসায়ীরা পেত না। পরিচিত লোক ছাড়া গ্যাস দেয় না—এটা কোন ধরণের মগের মুল্লুক? বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত। হঠাৎ করে সিলিন্ডার গ্যাসের এই সংকট ও অগ্নিমূল্যের কারণে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। যাদের ঘরে তিতাস গ্যাস নেই, তাদের একমাত্র ভরসা এই সিলিন্ডার। কিন্তু সেই সিলিন্ডার কিনতে গিয়ে এখন হিমশিম খেতে হচ্ছে তাদের। দ্রুত বাজার নিয়ন্ত্রণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫