শরীফুল বেপারী
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর জেলার রাজৈর থানার উপজেলা মিলনায়তনে রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় আয়োজিত এ সভায় রাজৈর উপজেলা কর্মকর্তাবৃন্দসহ সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার জনাব এহতেশামুল হক। এছাড়া উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান এবং রাজৈর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
র্যাব-৮ মাদারীপুর ও সেনাবাহিনীর কর্মকর্তাদের সমন্বয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নীতিমালা তুলে ধরেন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে সুস্থ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কঠোর বার্তা দেন।
এসময় তারা নির্বাচনের মূল লক্ষ্য অর্জনে প্রশাসন ও গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
