আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুর-৪ ( কাপাসিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে ভোট চাইলেন ছোট বোন সুমি হান্নান।
আজ ৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে উপজেলা সদরের ঢাকা রোডে জোবায়দা হাসপাতাল সংলগ্ন মাঠে বিশাল নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নানশাহ্’র একমাত্র কন্যা শারমিন সুলতানা (সুমি হান্নান) ভাইয়ের জন্য ভোট চাইতে গিয়ে বাবার কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় জনসভায় আগত নেতাকর্মী সমর্থকদের চোখেও পানি ঝরতে দেখা যায়।
সুমি হান্নান বলেন, কাপাসিয়া এসে আমার পিতা আসম হান্নানশাহ্’র কথা খুব মনে পড়ছে। তিনি ছিলেন আপনাদের আত্মার মানুষ, আপনাদের অভিভাবক ও আপনজন। তিনি ছিলেন কাপাসিয়ার উন্নয়নের রূপকার। আমার পিতা পরিবারের চেয়ে বেশি সময় দিয়েছেন আপনাদেরকে। আমার প্রত্যাশা আমার ভাই শাহ্ রিয়াজুল হান্নানকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমার পিতার অসমাপ্ত স্বপ্নগুলোকে সমাপ্ত করবেন এবং সুখে-দুখে আমার পিতার মতো আপনাদের পাশে থাকবেন। সবশেষে আমি আমার পিতার জন্য সকলের কাছে দোয়া চাই। মহান আল্লাহ যেন আমার পিতাকে জান্নাতবাসী করেন।
কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিষ্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবঃ আ স ম হান্নান শাহ্’র ছোট ভাই আমেরিকা প্রবাসী শাহ্ মোবারক হোসেন, গাজীপুর জেলা ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ফ ম মমতাজ উদ্দিন রেনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফিনল্যান্ড বিএনপির সভাপতি আবুল হাশেম চৌধুরী, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফ ম এমদাদুল হোসেন। কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ।
