Skip to content

সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে রোববার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক ও ছাত্রনেতাদের অংশগ্রহণে এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি বায়জিদ মাহমুদ।

ইফতার মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক গাজীপুর জেলা সভাপতি মুস্তাফিজুর রহমান এবং সংগঠনের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আব্দুল জলিল আকন্দ। এছাড়াও গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সিনিয়র সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি গণতান্ত্রিক ও মানবিক সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করার মাধ্যমে গণমাধ্যম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এজন্য সাংবাদিক সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তারা ছাত্রশিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সংগঠনের ইতিবাচক আদর্শ ও মূল্যবোধ সমাজে ছড়িয়ে দেওয়া জরুরি। তরুণদের মেধা, প্রজ্ঞা ও সৃজনশীল শক্তিকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন ও তা ধরে রাখা, ছাত্রকল্যাণমূলক কার্যক্রম জোরদার করা এবং একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক সংগঠন গড়ে তোলার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, ছাত্ররাজনীতিতে কথার সঙ্গে কাজের সামঞ্জস্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কোনো মব সংস্কৃতি থেকে দূরে থেকে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে হবে। একইসঙ্গে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে অংশীদারত্বমূলক পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনসহ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে ছাত্রশিবিরের সুশৃঙ্খল ও সক্রিয় অংশগ্রহণ তাদের নেতৃত্ব বিকাশ ও সাংগঠনিক সক্ষমতার ইতিবাচক প্রতিফলন।

শেষে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয় এবং পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রেখে সমাজ ও দেশের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫