Skip to content

গাজীপুরে সংরক্ষিত বনে অবৈধ রাস্তা: উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধায় থেমে যায় অভিযান

স্টাফ রিপোর্টার
গাজীপুর সদর উপজেলায় সংরক্ষিত বনের জমির ওপর দিয়ে একটি কারখানার প্রবেশপথ নির্মাণে বাধা দিতে গিয়ে বিএনপির নেতা—কর্মীদের প্রতিরোধের মুখে অভিযান স্থগিত করে ফিরে আসেন বন বিভাগের কর্মকর্তা—কর্মচারীরা।

বুধবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভবানীপুর পূর্বপাড়া (কসাই পট্টি) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভবানীপুর এলাকার ডিবিএল শিল্পকারখানার দক্ষিণ পাশে আওয়ামী লীগ সরকারের সময় প্রীতি গ্রুপের নামে একটি কারখানার জন্য রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়। কিন্তু বন বিভাগের কঠোর অবস্থানের কারণে কয়েকবারের প্রচেষ্টায়ও তা সম্ভব হয়নি।

গত ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার চলাকালে স্থানীয় বিএনপি নেতা—কর্মীদের সহায়তায় আবারও জোরপূর্বক রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় বন বিভাগ অভিযান চালিয়ে নির্মাণসামগ্রী জব্দ করে। পরে বিএনপির নতুন সরকার গঠনের পর রাতের অন্ধকারে পুনরায় রাস্তা নির্মাণ সম্পন্ন করা হয়।

বুধবার সকালে বন বিভাগ পুনরায় উচ্ছেদে গেলে বিএনপি নেতা—কর্মীরা বাধা দিলে অভিযান স্থগিত করে কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

বিএনপি—সংশ্লিষ্ট স্থানীয় নেতারা জানান, এ রাস্তা দিয়ে বহু এলাকার মানুষ চলাচল করে এবং রাস্তা নির্মাণে এলাকাবাসীর উপকার হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সংরক্ষিত বনের ভেতর দিয়ে প্রীতি গ্রুপের মালিকানাধীন জমিতে প্রবেশের উদ্দেশ্যে মালিকপক্ষের অর্থায়নে বালি ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়। ওই জমির পাশেই রয়েছে সংরক্ষিত গজারি—শালবন। বনাঞ্চলের ভেতর সরু হাঁটার পথ থাকলেও বড় কোনো সড়ক নেই।

একিকে বন বিভাগের উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার সময় বিএনপির কয়েকজন নেতা—কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভ করেন। লাইভের ভিডিওতে দেখা যায়, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হোসেন মুকুল, গাজীপুর সদর উপজেলা জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)—এর সদস্য সচিব এবং ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হোসেনকে।

এ সময় ইমরান হোসেন নিজস্ব ফেসবুক আইডি থেকেও লাইভে এসে বন বিভাগের কর্মকর্তা—কর্মচারীদের ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’ আখ্যা দিয়ে বাধা দেওয়ার অভিযোগ করেন। তিনি দাবি করেন, এটি জনগণের রাস্তা এবং উচ্ছেদ অভিযান প্রতিহত করা হবে।

লাইভে তিনি আরও বলেন, অভিযানের সময় বন বিভাগের লোকজন ছাত্রদের ওপর গুলি করতে পারে—এমন অভিযোগও করেন ইমরান হোসেন।
বন বিভাগের সদস্যরা ছাত্রদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলায় বন কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়তেও দেখা যায়।

ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগ—এর গাজীপুরের ভাওয়াল রেঞ্জ—এর ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম. রাশেদ সাদাত বলেন,
বনের জমির ওপর নির্মিত সড়কটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি কোম্পানির স্বার্থে তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই রাস্তার আশপাশে কোনো ঘরবাড়ি নেই। মানুষের চলাচলের জন্য একটি সরু পথ আগেই ছিল, সেটি বন্ধ করা হয়নি।

তিনি আরও জানান, এর আগেও অবৈধ সড়ক নির্মাণের সময় অভিযান চালিয়ে গাড়ি চলাচলের অংশটি বন্ধ করে চারা রোপণ করা হয়েছিল। কিন্তু মালিকপক্ষের লোকজন সেই চারা তুলে পুনরায় রাস্তা তৈরি করে। পরবর্তীতে আবার রাস্তা বন্ধ করতে গেলে কিছু স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও কোম্পানির লোকজন আমাদের কাজে বাধা দেয়। পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে অভিযান স্থগিত করতে বাধ্য হই। তবে খুব শিগগিরই জেলা প্রশাসনের সহায়তায় আইন—শৃঙ্খলা বাহিনী নিয়ে আবারও অভিযান পরিচালনা করা হবে এবং অভিযানে বাধা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫