Skip to content

‘মাদকমুক্ত মুন্সীগঞ্জ’ গড়ার প্রত্যয়ে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
একটি সুস্থ, সুন্দর এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে মুন্সীগঞ্জে আজ সোমবার (১৮ মে) মাদকবিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মুন্সীগঞ্জের যৌথ উদ্যোগে স্থানীয় প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরীফ উল্ল্যাহ, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মাসুদুর রহমান, জেলা শিক্ষা অফিসার জনাব মো: শরিফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হামিদুল ইসলাম মিরাজ এবং গীতা পাঠ করেন একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুকন্যা রানী।

তরুণ প্রজন্মের মাঝে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর আতিক করিম ও দ্বাদশ শ্রেণীর মিফতাউল জান্নাত।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ‘মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। আমাদের আগামী প্রজন্মকে এই অবক্ষয় থেকে রক্ষা করতে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।’

তিনি মাদকমুক্ত মুন্সীগঞ্জ গড়ার লক্ষ্যে প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের সঠিক পথে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেন।

অন্যান্য বক্তারা মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের ওপর জোর দেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জিতু রায়। অনুষ্ঠানটিতে প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫