মোঃ আশিক মোল্যা
বিশেষ প্রতিনিধি:
গাজীপুর মহানগরের ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক রাজেন্দ্রপুর রোডের চতর বাজার ব্রিজের চলমান নির্মাণকাজের ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে হাতিয়াব, দর্জী বাড়ী, মোড়লপাড়া ও ভাওয়াল গাজীপুর এলাকার মানুষের দৈনন্দিন চলাচল প্রায় অচল হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন ব্রিজ নির্মাণের জন্য পুরাতন ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে। পরে বিকল্প হিসেবে ব্রিজের দুই পাশ দিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়। তবে টানা বৃষ্টিতে রাস্তার দুই পাশ ভেঙে যাওয়ায় বর্তমানে ২৩ নম্বর ওয়ার্ড থেকে ২৪ নম্বর ওয়ার্ডে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
ব্রিজ পার হলেই রয়েছে হাতিয়াব হাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়। ফলে প্রতিদিন চতর বাজার এলাকা থেকে স্কুলগামী শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা প্রতিদিন বাজার করতে চতর বাজারে যাই। কিন্তু ব্রিজের দুই পাশের রাস্তা বৃষ্টিতে ভেঙে যাওয়ায় চলাচলে খুব সমস্যা হচ্ছে।
আরেকজন জানান, অফিস, আদালত ও হাসপাতালে যাওয়ার জন্য এই রাস্তাটিই একমাত্র ভরসা। রাস্তা ভেঙে যাওয়ায় আমাদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজ নির্মাণকাজ শেষ করে বিকল্প চলাচলের উপযোগী রাস্তা সংস্কার করা হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে।
