মোশারফ হোসেন
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি—২৯৮ সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়ার সঙ্গে জেলার বিশিষ্ট নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত বিশিষ্টজনেরা জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া উপস্থিত অতিথিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং জেলার উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, খাগড়াছড়ির শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় অংশগ্রহণকারী সুশীল সমাজের প্রতিনিধিরা খাগড়াছড়ির সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
