Skip to content

গাজীপুুরে তুরাগ নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডের খাজা বাবা জামে মসজিদসংলগ্ন তুরাগ নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ারচর এলাকার আনিসুল হকের ছেলে শামীম (১৩) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১৩)। তারা দুজনই টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে তারা পরিবারের সঙ্গে টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

পুলিশ জানায়, সকালে সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানির প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাদের সঙ্গে থাকা শিপন নামের অপর এক শিক্ষার্থী সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পায়। পরে সে স্থানীয় লোকজনের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯—এ ফোন করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ডুবুরি দল নদীর তলদেশ থেকে শামীম ও আফনানের মরদেহ উদ্ধার করে।

টঙ্গী নৌ—পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫