স্টাফ রিপোর্টার:
কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ—নাশেরা—তারাগঞ্জ সড়কের নাশেরা বাইতুননূর জামে মসজিদ সংলগ্ন রাস্তার পূর্ব পাশের বিশাল একটি অংশ সাম্প্রতিক সময়ের অতি বৃষ্টিতে ধসে গেছে। পাশের পুকুর ডোবায় উপড়ে পড়েছে সড়কের গাছ। সড়কে দেখা দিয়েছে আরো ফাটল। যে কোন সময় আবারো ধসে যাওয়ার আশংকা দিয়েছে। এতে মানুষ ও যান চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙা রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ হারালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ধসে যাওয়া জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করার দাবী জানান এলাকার মানুষ।
নাশেরা গ্রামের স্থানীয় বাসিন্দা এরশাদুজ্জামান সরকার বলেন, প্রবল বর্ষনের কারণে সড়কটি ধসে গেছে। যে কোন সময় আরো ধসে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। দ্রুত প্রয়োজনীয় সংষ্কার ও মেরামত করা না হলে সাধারণ পথযাত্রী ও যাত্রীবাহী যানবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হবে।
স্থানীয় খোকা শিকদার বলেন, আশপাশের অনেক গ্রামের শতশত মানুষ এই রাস্তা দিয়ে পাশ্ববর্তী রানীগঞ্জ, তারাগঞ্জ, রাওনাট, ফুলবাড়িয়া সহ কাপাসিয়া উপজেলা সদরে যাতায়াত করেন। এটি কাপাসিয়া—কালীগঞ্জ উপজেলার সংযোগ সড়ক। পাশ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মানুষ এপথেই যাতায়াত করে থাকে।
অটোরিকশা চালক আব্দুল হামিদ বলেন, এই রাস্তা দিয়ে এলাকার মানুষ বিভিন্ন হাটবাজারে কাঁচামাল সহ বিভিন্ন মালামাল আনানেয়া করে থাকে। রাস্তাটি ধসে গিয়ে ঝুকিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। রাস্তাটি আবারো ধসে গিয়ে বন্ধ হয়ে গেলে আমরা চালক ও ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবো। সড়ক ভাঙন রোধে এখনি জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এলাকাবাসী জনগুরুত্বপূর্ণ সড়কটিকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য সড়কের পাশের অংশে ইটের ওয়াল দিয়ে মাটি ভরাট করার দাবী জানান।
