Skip to content

সাউথখালী ইউনিয়নের ১ নং সোনাতলা ওয়ার্ডের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

জাকারিয়া হোসাইন

বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার উপকূলীয় ৪ নম্বর সাউথখালী ইউনিয়নের ১ নম্বর সোনাতলা ওয়ার্ডে দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত অবস্থায় রয়েছে প্রধান যাতায়াত সড়ক। প্রায় পাঁচ হাজার ভোটারের এই জনপদে টেকসই পাকা রাস্তার অভাবে বছরের অধিকাংশ সময়ই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, বর্তমানে সড়কের কিছু অংশে ইটের সলিং (এইচবিবি) নির্মাণ করা হলেও কাজের তদারকির অভাব এবং ঠিকাদারদের সমন্বয়হীনতার কারণে রাস্তার বিভিন্ন অংশ খণ্ড খণ্ডভাবে নির্মাণ করা হচ্ছে। এতে কোথাও ইটের রাস্তা, আবার কোথাও কাঁচা ও কাদাময় অংশ থাকায় মানুষের চলাচল আরও দুর্বিষহ হয়ে উঠেছে।

এলাকাবাসী জানান, প্রথম ঠিকাদার একটি অংশের কাজ শেষ করলেও পরবর্তী ঠিকাদার সেই অংশের ধারাবাহিকতা বজায় না রেখে সামনে থেকে নতুন করে কাজ শুরু করেন। ফলে মাঝখানে দীর্ঘ অংশ কাঁচা অবস্থায় পড়ে আছে। এতে সামান্য পাকা রাস্তা পার হওয়ার পরই মানুষকে কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, ইমরান হোসেন রাজিব চেয়ারম্যানের বাড়ির পাশের প্রায় ১০০ ফুট এবং প্রয়াত আলহাজ আব্দুল জব্বার ফরাজীর বাড়ির পাশের প্রায় ৪০০ ফুটসহ মোট ৫০০ ফুট রাস্তা এখনও কাঁচা অবস্থায় রয়েছে। এলাকাবাসীর দাবি, এই অংশটুকু দ্রুত নির্মাণ করা হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

এ বিষয়ে সাউথখালী ইউনিয়নের ১ নম্বর সোনাতলা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু বক্কর বাচ্চু গাজী বলেন, বিভিন্ন ঠিকাদার ভিন্ন ভিন্ন অংশে কাজ করায় নির্মাণে কোনো সমন্বয় ছিল না। এর ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি দ্রুত বাকি অংশের কাজ সম্পন্ন করে পুরো সড়কটি চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য আব্দুল আলিমের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি পরিদর্শন, নির্মাণকাজে সমন্বয় নিশ্চিত এবং অবশিষ্ট অংশ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫