আবুল হাসান
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গাজীপাড়া এলাকায় একটি পুরোনো কালভার্ট ভেঙে যাওয়ায় স্থানীয় হাজারো মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ভোররাতের টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে কালভার্টটি ধসে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা—কালীগঞ্জ সড়কের উত্তর পারুলিয়া গরুরহাট সংলগ্ন প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত গাজীপাড়ার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের মাঝামাঝি অংশে অবস্থিত কালভার্টটি ভেঙে গেছে। ভাঙনের কারণে তীব্র স্রোতে পানি প্রবাহিত হচ্ছে এবং সড়কের উভয় পাশ ধসে যাওয়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে মানুষ এই ইটের সলিংয়ের রাস্তা ব্যবহার করে আসছিল। সম্প্রতি সড়কটি পিচঢালাইয়ের জন্য প্রস্তুত করতে খোয়া ফেলা হলেও তার আগে জরাজীর্ণ কালভার্টটি সংস্কার করা হয়নি। অতিরিক্ত বৃষ্টির চাপেই পুরোনো কালভার্টটি ধসে পড়ে।
এলাকাবাসী জানান, বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা অংশ ও পানির ওপর দিয়ে হেঁটে পারাপার করতে হচ্ছে। জরুরি মুহূর্তে কোনো রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় কৃষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, এই সড়কের দুই পাশে বিস্তীর্ণ কৃষিজমিতে ধানসহ বিভিন্ন ফসলের আবাদ রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় কৃষিপণ্য পরিবহন এবং কৃষিকাজে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।
এলাকাবাসী বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেছেন এবং দ্রুত নতুন কালভার্ট নির্মাণ ও সড়কটি চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।
