Skip to content

মুন্সীগঞ্জের গজারিয়ায় হাসপাতাল সিলগালা, ৩ ক্লিনিকে জরিমানা 

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় জনবল না থাকায় ‘নাজমা জেনারেল হাসপাতাল’ সিলগালা করা হয়েছে। এ ছাড়া আরও একটি ক্লিনিক সাময়িকভাবে বন্ধ এবং দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগমের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া। অভিযান সূত্রে জানা যায়, ভবেরচর ইউনিয়নের ‘গজারিয়া পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ‘ভবেরচর জেনারেল হাসপাতাল’কে ৩ হাজার টাকা এবং জামালদী বাসস্ট্যান্ড এলাকার ‘হামদর্দ জেনারেল হাসপাতাল’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে একই এলাকার ‘শুকরিয়া ডায়াগনস্টিক’ ও ‘মেঘনা ডায়াগনস্টিক’ সেন্টারের সেবার মান ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে তদারকি দল।

জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ‘স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা, বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় চিকিৎসক আছে কি না—তা যাচাই করতেই এ অভিযান। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমাদের এই তদারকি অব্যাহত থাকবে।

ইউএনও উম্মে হাফসা নাদিয়া বলেন, জনস্বার্থে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় আনা হবে। লাইসেন্সবিহীন বা অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, জেলা জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫