স্টাফ রিপোর্টার:
গাজীপুর সদর উপজেলার কালনী গ্রামে এক আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আমেরিকা প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী লাবনী আক্তার শনিবার রাতে নিজ বাড়িতে তালা লাগিয়ে পার্শ্ববর্তী দড়ি বলধা গ্রামে তার বাবার বাড়িতে যান। এ সময় বাড়িটি ফাঁকা থাকার সুযোগে চোরেরা রান্নাঘরের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে।
পরে চোরেরা ঘরে থাকা মূল্যবান স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ৪ লাখ টাকার সম্পদ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
বাড়ির আশপাশের লোকজন মোবাইল ফোনে লাবনী আক্তারকে চুরির বিষয়টি জানালে তিনি দ্রুত নিজ বাড়িতে ফিরে আসেন। সেখানে গিয়ে ঘরের গ্রিল কাটা এবং মালামাল চুরি হওয়ার বিষয়টি দেখতে পান।
এ ঘটনায় লাবনী আক্তার রোববার (১৬ আগস্ট) জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, কালনীসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। সম্প্রতি গরু চোরসহ বিভিন্ন ধরনের চোরের উৎপাতও বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন তারা।
এলাকাবাসী চুরি—ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
