Skip to content

সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে লাখ টাকা দাবি আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের কাছে এক লাখ টাকা দাবি করার অভিযোগে মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক রেজাউল করিম কুমিল্লার চান্দিনা উপজেলার এম এ খালেকের ছেলে। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ঢাকার মিরপুরে বসবাস করেন।

ইউএনও কাজী শামীম জানান, দুই দিন আগে এক ব্যক্তি ফোন করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার সকালে ওই ব্যক্তি ফোন করে জানান, তিনি রামগড়ে অবস্থান করছেন। পরে তাকে ইউএনও কার্যালয়ে আসতে বলা হয়।

ইউএনও বলেন, কার্যালয়ে আসার পর তাকে নাশতা দেওয়া হয়। একপর্যায়ে তিনি ইউএনওর বদলির বিষয় নিয়ে কথা বলেন। পরে নিজের টাকার স্বল্পতা রয়েছে জানিয়ে এক লাখ টাকা ধার চান এবং ঢাকায় ফিরে তা পরিশোধ করবেন বলে জানান।

তার কথাবার্তায় সন্দেহ হলে ইউএনও সংশ্লিষ্ট সচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তবে সচিব ওই ব্যক্তির বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এরপর রেজাউল করিমের পরিচয় ও অবস্থান সম্পর্কে খেঁাজ নেওয়া হয়।

ইউএনও জানান, রামগড়ে অবস্থানকালে রেজাউল করিম থানার ওসির পরিচয় ব্যবহার করে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন বলে জানা যায়। তবে রামগড় থানার ওসি ওই ব্যক্তিকে চেনেন না বলে নিশ্চিত করেন। পরে প্রতারণার অভিযোগে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, প্রতারণার অভিযোগে রেজাউল করিম নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ইউএনও কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫