Skip to content

বিশ্বনাথে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পিতা—পুত্র আটক

মো. জাহান মিয়া
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে মারামারির মামলার আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে থানা পুলিশের পাঁচ সদস্য কিছুটা আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে মামলার দুই আসামি পিতা—পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ পৌরশহরের আঙ্গারুকা ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑবিশ্বনাথ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চানসির কাপন গ্রামের কদর আলী (৪৭) ও তাঁর ছেলে ইমন মিয়া (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ৬ নম্বর বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের মৃত ছোয়াব আলীর ছেলে নজরুল ইসলামের সঙ্গে কদর আলীর মারামারির ঘটনা ঘটে। এতে কদর আলীর পক্ষের লোকজনের হামলায় নজরুল ইসলাম আহত হন। তিনি বর্তমানে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে কদর আলী ও তাঁর ছেলে ইমন মিয়াকে আসামি করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি রেখে বিশ্বনাথ থানায় মামলা করেন। মামলার নম্বর ১৬।

মামলা দায়েরের পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তারে আঙ্গারুকা ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় আসামিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এতে পুলিশের পাঁচ সদস্য কিছুটা আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কদর আলী ও ইমন মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, মারামারির মামলার আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালালে তাঁদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। গ্রেপ্তার দুই আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫