বিশেষ প্রতিনিধি:
আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৮ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আনসার—ভিডিপি একাডেমি পরিদর্শনকালে তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা বাড়াতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে।
মন্ত্রী বলেন, অবৈধ পথে বিদেশ যাওয়া বন্ধে মানুষকে সচেতন করার পাশাপাশি বৈধ কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষ করে তোলা হবে। একই সঙ্গে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত এবং বিদেশগামী কর্মীদের প্রতারণা থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে মন্ত্রী বৃক্ষরোপণ করেন এবং একাডেমির বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র ও কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
