স্টাফ রিপোর্টার:
গাজীপুর সদর উপজেলার বেগমপুর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বেগমপুর সাত্তালা গার্মেন্টস—সংলগ্ন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের পাশের একটি শৌচাগারে গেলে ওই শিশুকে সেখানে আটকে রাখার অভিযোগ ওঠে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। এ সময় শৌচাগারের দরজা বন্ধ করে দেওয়া হয়। পরে শিশুটির বাবা ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আব্দুর রাজ্জাকের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরের ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তাঁর বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ ছিল বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে আগের অভিযোগের বিষয়ে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
