স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বেশ কয়েকটি স্থানে মঙ্গলবার সকালে আকস্মিক গ্যাস সংকট দেখা দেওয়ায় রান্নাবান্নাসহ দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে নাকাল রাজধানীবাসী।
সূত্র জানায়, সোমবার দিবাগত রাতের যেকোন সময় রাজধানীর বাড্ডা, উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা, মেরুল, পশ্চিম মেরুল, নদ্দা, সাতারকুল, লিংক রোডসহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের আকস্মিক সংকট দেখা দেয়।
মঙ্গলবার এ প্রতিবেদন লেখা (সকাল ৮.৩০মি.) পর্যন্ত ওই সব এলাকায় গ্যাস সরবারাহ স্বাভাবিক হয়নি বলেও জানা গেছে।
বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীজীবী মধ্য বাড্ডার বিচিত্রা রানী রেখা অভিযোগ করে জানান, সকালে খাবার তৈরি করতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দেখি গ্যাস নেই। কী কারণে গ্যাস নেই বা আজ গ্যাস থাকবে না, এটা আমাদেরকে আগে জানালে এ ভোগান্তির মধ্যে পড়তে হতো না।
বেসরকারী ব্যাংকের চাকুরীজীবী মেরুলের বাসিন্দা ফাহিমা জানান, সকালে রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালাতেই দেখি গ্যাস নেই। কখন স্বাভাবিক হবে তাও জানি না। রান্নাবান্নাসহ সব কাজ পড়ে আছে।
এদিকে শীত আসার আগেই গ্যাসের এ আকস্মিক সংকট ওই সব এলাকার বাসিন্দাদের মধ্যে একধরনের আতঙ্কও সৃষ্টি করেছে বলে অনেকেই এ প্রতিবেদকের কাছে অভিযোগ করে জানিয়েছেন।
শাহীন আক্তার পিন্টু নামে সাতারকুলের একজন বাসিন্দা জানান, তীব্র শীতের সময়ও হালকা গ্যাসের সরবরাহ থাকে। কিন্তু আজ একদম ভিন্ন চিত্র। গ্যাসের কোন সরবরাহ নেই।
সরেজমিনে দেখা যায়, বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ না থাকায় আশেপাশের হোটেলগুলোতে তীব্র ভিড় জমিয়েছেন ওই সব অঞ্চলের বাসিন্দারা। প্রায় সবাইকেই রুটি, পরোটাসহ অন্যান্য খাবার সংগ্রহ করতে দেখা যায়।
তারা অনেকেই জানালেন, আপাতত সকালটা কোন রকমে চালিয়ে নিই। দুপুর পর্যন্ত যদি গ্যাস না আসে তাহলে অন্য কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া আমাদের আর কি বা করার আছে?
