Skip to content

এরশাদের সামনে দুই পথ খোলা

স্টাফ রিপোর্টার ॥ ভোট শেষ। এবার কী করবে রহস্যেঘেরা জাতীয় পার্টি? এরশাদ কি শপথ নেবেন? না শপথ বর্জন করে প্রতিবাদী হবেন? নাকি আড়ালে থেকে স্ত্রী রওশনের নেতৃত্বে দলীয় এমপিদের শপথ নিতে বলে নতুন কোনো নাটক মঞ্চস্থের প্রস্তুতি নিচ্ছেন? এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে দলের ভেতর-বাইরে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এরশাদের সামনে এখন দুটি পথই কেবল খোলা। হয় শপথ নিয়ে নতুন সংসদে যোগদান, না হয় রওশনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকা। নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিতে আগ্রহ দেখালে শিগগিরই এরশাদ আবার প্রকাশ্যে আসবেন। আর তাতে অস্বীকৃতি জানালে তাকে বিদেশ অথবা রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে হতে পারে। এমনকি বেশি তোড়জোড় করলে জেলেও যেতে হতে পারে। সরকারের সঙ্গে বোঝাপড়ার ওপরই নির্ভর করছে এরশাদের গন্তব্য। শেখ হাসিনার নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারকে এরশাদের সমর্থন না দিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের বন্দিদশায় আপাতত কোনো সুরাহা হচ্ছে না এমনটিই জানালেন সদ্য এমপি নির্বাচিত হওয়া জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এরশাদ আমাদের দলের চেয়ারম্যান, তাই আমরা চাই তিনি মুক্তি পান।

কিন্তু তিনি যদি সরকারকে সহায়তা না করেন তাহলে সরকারও খুঁজবে কোন পথে তাদের সুবিধা রয়েছে। এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গেছে, চলতি মাসের ২২ তারিখে এরশাদের বিরুদ্ধে মেজর মঞ্জুর হত্যা মামলার অধিকতর শুনানির দিন ধার্য রয়েছে। এ নিয়ে টেনশনে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদসহ তার ঘনিষ্ঠজনরা। এরশাদ যদি এ সময়ে সরকারকে কোনোভাবে সহায়তা না করে তাহলে হয়তো আরও দীর্ঘায়িত হতে পারে মামলাটির কার্যক্রম। তাই জাতীয় পার্টি এখন কোনদিকে যাবে এটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তারা যদি সরকারকে সহায়তা না করে তাহলে সরকারও তার সুযোগ কাজে লাগাবে। সেক্ষেত্রে সরকারকে সমর্থন দিয়ে রওশন এরশাদ প্রধান বিরোধী দলের নেতা হিসেবে শপথ নেবেন। পাশাপাশি স্বামী এরশাদকে হাসপাতালে বন্দি না রাখতে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করবেন। এ অবস্থায় শর্তসাপেক্ষ এরশাদ রাজনীতিতে নিস্ক্রিয় থাকতে পারেন।

এক্ষেত্রে এরশাদ স্বেছায় বা চাপে দেশের বাইরে যেতে পারেন। আর দেশে থাকলেও রাজনীতি নিয়ে খুব একটা সক্রিয় থাকবেন না। এতে এরশাদের দু’কূলই রক্ষা পাবে। হয়তো মামলার বিষয়টি কৌশলে ঝুলিয়ে দেয়া হবে। এতে এরশাদ নিজেও বাঁচবেন আবার দলের স্পষ্ট ভাঙনও ঠেকানো যাবে। তাই এ সরকারের মেয়াদ ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় ভবিষ্যৎ চিন্তা করে এরশাদ এ সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বলেন, দলের চেয়ারম্যান উভয় সঙ্কটে রয়েছেন। একদিকে ব্যক্তি জীবন, অন্যদিকে দল। আওয়ামী লীগের কথায় সায় দিলে এখন তাদের ষড়যন্ত্র থেকে এরশাদ ও দল উভয় সাময়িক রক্ষা পাবে। আবার সামনে যদি কোনো অনাকাক্সিক্ষত ঘটনায় সরকার পরিবর্তন হয় এবং বিএনপি আসে তাহলেও জাতীয় পার্টির ওপরই বেশি বিপদ নেমে আসবে।

জাতীয় পার্টির নির্বাচিত সদস্যরা শপথ নেবে কিনা, কে হচ্ছেন প্রধান বিরোধীদলের নেতা জানতে চাইলে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। জনগণের রায়ে পার্টির সদস্যরা বিজয়ী হয়েছেন। পার্টির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেই শপথ নেয়া হবে। পার্টির কে বিরোধী দলের প্রধান হবেন এক্ষেত্রেও পার্টির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা সাপেক্ষেই সিদ্ধান্ত হবে। এরশাদ কবে বাসায় ফিরবেনÑ জবাবে জাতীয় পার্টি মহাসচিব বলেন, তিনি অন্তরীণ। নিয়মিত হাসপাতালে দেখতে যাচ্ছি।

এদিকে নির্বাচনের পর জাতীয় পার্টির নেতাদের মধ্যে চলছে নানা জল্পনা। এরই মধ্যে ঢাকা থেকে নির্বাচিত কাজী ফিরোজ রশীদ সোমবার রওশন এরশাদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের জানান, এরশাদ নয় তারা রওশনকে প্রধান বিরোধী দলের নেতা হিসেবে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় ফোরামেও এটা গৃহীত হয়েছে এবং আমাদের সব সংসদ সদস্য সম্পূর্ণ একমত। তার যুক্তি, এরশাদ রাষ্ট্রপতি ছিলেন তাই তার বিরোধীদলীয় নেতা হওয়াটা মানাবে না। এ নিয়ে আলোচনার রেশ না কাটতেই মঙ্গলবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, তিনি মধ্যবর্তী নির্বাচনের পক্ষে। বিরোধী দলে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত হয়নি।

এছাড়া তিনি জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ফিরিস্তিও তুলে ধরেন। সরকারের রূপরেখা সম্পর্কে আনিস বলেন, এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। রওশনের বিরোধীদলীয় নেতা হওয়া সম্পর্কে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এটা নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া রওশনের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে যাবে বলে কাজী ফিরোজ রশীদ যে বক্তব্য দিয়েছেন, এ ব্যাপারে এখনও দলে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সংসদে বিরোধী দল হিসেবে থাকলেও জাতীয় পার্টি সরকারেও অংশ নিতে পারবে বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে রওশন এরশাদের সঙ্গে বৈঠক শেষে দলটির আরেক প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা বলেন, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দশম জাতীয় সংসদে যোগ দেবেন। এ সময় তিনি বলেন, আমরা এরশাদের নির্দেশেই নির্বাচনে গিয়েছি। তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে বললেও নির্বাচনে যেতে তার ইঙ্গিত ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫