কাপাসিয়া প্রতিনিধি ॥ দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ কন্যা সিমিন হোসেন রিমির মন্ত্রিত্ব দাবি করেছে তার এলাকার নেতাকর্মীরা। তবে এ বিষয়ে কোনো কথা বলেননি এমপি রিমি।
নেতাকর্মীরা বলেন, ‘এমপি রিমি নতুন সরকারে মন্ত্রিত্বের দায়িত্ব নিলে গাজীপুরবাসি উপকৃত হবে। গাজীপুর ও কাপাসিয়ার উন্নয়নের স্বার্থে তার মন্ত্রিত্ব নেয়া দরকার।’
এদিকে, শনিবার দ্বিতীয়বারের মত এমপি নির্বাচিত হয়ে প্রথম এলাকায় আসেন রিমি। তিনি বলেন, ‘আসুন সবাই মিলে ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে কাজ করি। উন্নয়ন করতে কোনো দলমত হিসেব করতে হয়না।’ এসময় রিমি ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দরিদ্র্য শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
শনিবার বিকেল থেকে শুরু করে রাতেও উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯ ওয়ার্ডে চার হাজার পিস কম্বল বিতরণ করা হয়। এসময় বিজয়ী করার জন্য এমপি রিমি উপজেলার চাঁদপুর, কড়িহাতা, সনমানিয়া, ঘাগটিয়া, তরগাঁও, আমরাইদ, গিয়াসপুরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরিফ, সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবউদ্দিন আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দর্জি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল তার সঙ্গে ছিলেন।
