বাংলাভূমি ডেস্ক:
বিচার বিভাগ দুর্বল হলে রাষ্ট্র কখনই শক্তিশালী হতে পারে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শনিবার সকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায় কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, জনগণ যাতে সহজে স্বল্পসময় ও খরচে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি। বিচার বিভাগকে গতিশীল করে দ্রম্নততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে মামলা জট সহনশীল মাত্রায় আনার পরিকল্পনায় বিচার বিভাগ কাজ করছে।
পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বকুল ফুলের চারা রোপণ করেন ও জাদুঘর পরিদর্শন করেন। দুপুরে জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
এ সময় সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহমেদসহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
