Skip to content

শচিন, দ্রাবিড় ও শেবাগের মিশেল কোহলি

স্পোর্টস ডেস্ক ॥ ঢাকা: সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটের পোস্টারবয় হয়ে ওঠা বিরাট কোহলিকে প্রশংসায় ভাসালেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্টিন ক্রো। শুধু প্রশংসা নয়, কোহলিকে যেন স্বর্গে তুললেন ওই কিউই ব্যাটসম্যান। নয়া দিল্লির ক্ষ্যাপাটে ব্যাটসম্যানে বুঁদ হয়ে তিনি জানালেন, ‘শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও বিরেন্দ্র শেবাগের গুণ মিলেই বিরাট কোহলি।’

নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যানের কথায়, ‘কোহলির মধ্যে দ্রাবিড়ের মতো দায়বদ্ধতা, শেবাগের উগ্রতা ও শচিনের ব্যাপকতা আছে। এগুলো ওর নিজস্ব গুণ।’ প্রথম আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সে ব্যাঙ্গালোরের কোচ ক্রো ১৯ বছরের কোহলিকে ছাত্র হিসেবে পেয়েছিলেন। কোহলির পরিণত হওয়া তাই দাগ কেটেছে ব্লাক ক্যাপস তারকার মনে।

ভারতের উঠতি মহাতারকা সম্পর্কে ক্রোর মন্তব্য, ‘এখন ভারতীয় দলটা নতুনভাবে তৈরি হচ্ছে। সাম্প্রতিক অতীতের তিনজন তারকা এই দলে নেই। কিন্তু তারপরেও কোহলি কিন্তু তাদের দায়িত্বটা খুব ভালোভাবে নিতে পারছে। মাত্র ২২টা টেস্ট খেলেই ও কিন্তু দলের প্রধান ব্যাটসম্যান।’ তবে ক্রোর নিকট থেকে সতর্কবাণীও থাকছে কোহলির জন্য। তিনি জানান, ‘শেবাগের মতোই বিধ্বংসী কোহলি। কিন্তু ওকে শেবাগের ফর্ম হারানোর বিষয়টিও মাথায় রাখতে হবে। কারণ, একজন ব্যাটসম্যানের নিকট এটা খুব সাধারণ একটি ঘটনা।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫