বিনোদন ডেস্ক ॥ স্ত্রী অনন্যার দায়ের করা নারী নির্যাতন মামলায় কেন্দ্রীয় কারাগারে আটক আরফিন রুমির জামিন আবেদন নাকচ করে দিয়েছেন পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। গতকাল আরফিন রুমির জামিন চেয়ে তার আইনজীবী আদালতে পিটিশন দাখিল করেন। কিন্তু নির্ধারিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ দমনের চার নম্বর আদালতের বিচারক ছুটিতে থাকায় শুনানি হয় ৫ নম্বর আদালতে। রবিবার দুপুর নাগাদ শুনানি শেষে রুমির জামিন নামঞ্জুর করেন বিচারক। বলা হয় পরবর্তী ২৩শে ফেব্রুয়ারি এই মামলার ফের শুনানি হবে।
এদিন আদালতে রুমির আইনজীবীকে প্রশ্ন করা হয় কি কারণে জামিন চাচ্ছেন? তিনি কি অসুস্থ? বিচারকের প্রশ্নের জবাবে রুমির আইনজীবী বলেন, না- রুমি সুস্থ আছেন। তবে তিনি একজন জনপ্রিয় গায়ক। তাই বিনীতভাবে তার জামিন আবেদন করছি। অবশেষে ২৩শে ফেব্রুয়ারির শুনানি পর্যন্ত অপেক্ষা করতে বলা হয় তাদের। এদিকে জামিন নামঞ্জুর করায় মামলার বাদী আরফিন রুমির প্রথম স্ত্রী অনন্যা সন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, আশা করছি আমরা এই ট্রাইব্যুনাল থেকে সুবিচার পাবো। মাননীয় জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আমাদের এই দুঃসময়ে একমাত্র ভরাসা। উপরে আল্লাহ আর নিচে ট্রাইব্যুনাল ছাড়া আমাদের দেখার আর কেউ নেই। জামিন নামঞ্জুর হওয়ায় আমরা সন্তুষ্ট। অনন্যা আরও বলেন, আমি আশা করছি জামিন মঞ্জুরের আগেই দ্রুততম সময়ের মধ্যে মাননীয় ট্রাইব্যুনাল এই মামলার একটা সুরাহা করবেন।
এদিকে আসামি আরফিন রুমির পরিবার কিংবা আইনজীবীর পক্ষ থেকে এ বিষয়ে গতকাল নতুন কোন মন্তব্য পাওয়া যায়নি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এবারও রুমির পরিবার অনন্যার সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। যেমনটা করেছে প্রথম দফায় গ্রেপ্তারের পর। অনন্যা মানবজমিনকে জানান, আমি চাইনি রুমি গ্রেপ্তার হোক। আমি চাইনি রুমি গান-বাজনা ফেলে জেলখানায় বসে থাকুক। আমি বরাবরই চাইছি আমার ছেলের ভবিষ্যৎ নিরাপত্তার কথা। তিনি আফসোসের সুরে আরও বলেন, গত বছর কারাগারে থাকা অবস্থায় কয়েকটি সহজ শর্তের ভিত্তিতে রুমি জামিন পায়। তার মধ্যে অন্যতম শর্ত ছিল, আমার সন্তান আরিয়ানের নামে ২০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করে দেয়া। কিন্তু কারাগার থেকে মুক্ত হয়েই রুমির উল্টো চেহারা দেখতে পাই। একটি শর্তও সে রাখেনি। শুধু তাই নয়, জামিনে বের হওয়ার পর সে আমাদের খোঁজ-খবর নেয়া পর্যন্ত বন্ধ করে দেয়। পরিচিত বিভিন্ন মানুষের কাছে আমাকে নিয়ে নানা ধরনের কুৎসা রটায়। তাই এবার আমি ট্রাইব্যুনালের মাধ্যমে একটা চূড়ান্ত সমাধান চাই। উল্লেখ্য, প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার দায়ের করা নারী নির্যাতন মামলায় গেল ১৩ই ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার হন জনপ্রিয় সংগীত তারকা আরফিন রুমি। একই মামলায় এটি তার দ্বিতীয় কারাবরণ।(মানবজমিন)
