স্টাফ রিপোর্টার ॥ সাবেক গৃহায়ন ও গণপূর্ত সচিব ড. খন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি দুদকে হাজির হন। সকাল সাড়ে ৯টায় দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা যতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
এর আগে গতকাল বুধবার দুদক কার্যালয় থেকে দুদকে হাজির হতে তার কাছে নোটিশ পাঠানো হয়। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় তাকে এ নোটিশ পাঠান। নোটিশে তাকে বৃহস্পতিবার সকাল ১০টায় দুদকে হাজির থাকতে বলা হয়।
দুদক সূত্র জানায়, সচিব ড. খন্দকার শওকত হোসেন গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগের সত্যতা যাচাই করার জন্য রাজউক চেয়ারম্যানকে ডাকা হয়েছে। পরবর্তী সময়ে ওই সচিবকে ডাকা হতে পারে।
